দশমিনা উপজেলার দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয় অবশেষে খুলা হয়েছে। প্রায় ১৮ মাস পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সদর ইউনিয়নের নলখোলা বন্দরে অবস্থিত তালাবদ্ধ কার্যালয়টির তালা খোলেন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয় খোলার সময় নেতাকর্মীরা সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–কে ঘিরেও স্লোগান দিতে শোনা যায়। পরে কার্যালয়ের সামনে “শুভ উদ্বোধন” উল্লেখ করে একটি ব্যানার টানানো হয়।
কার্যালয় খোলার নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহাগ প্যাদা।
আরিফ হাওলাদার জানান, কার্যালয় পুনরায় খোলার পর সেখানে মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটি তালাবদ্ধ করে দেয়। এরপর থেকে কার্যালয়টি বন্ধ ছিল।
ন্যাশনিক্স/এএএইচপি
