মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার দাবি করেছে, ধানের শীষ প্রতীকের সমর্থক এবং স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে হামলা চালানো হয়।
নিহত জসিম উদ্দিন (৩০) উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে বাড়িতে ঢুকে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, জসিম উদ্দিন ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। অপরদিকে একই গ্রামের নাসির দেওয়ান ও তার ছেলে শাকিল দেওয়ান ধানের শীষ প্রতীকের সমর্থক হিসেবে পরিচিত। শাকিল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
পরিবারের অভিযোগ, বিকেল তিনটার দিকে ৫০-৬০ জনের একটি দল তাদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে জসিম উদ্দিন, তার বাবা মাফিক নায়েব ও দুই ভাই আহত হন।
তবে অভিযুক্ত শাকিল দেওয়ান দাবি করেছেন, সকালে তাদের সমর্থকদের ওপর হামলার জেরে উত্তেজনা তৈরি হয়। তিনি বলেন, ঘটনার সময় তিনি থানায় অভিযোগ করতে গিয়েছিলেন এবং মারধরের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন না।
সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, পূর্ববিরোধ ও নির্বাচনী দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ন্যাশনিক্স/এলকে
