রংপুরের পীরগাছা উপজেলার তেয়ানি মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে নিজের ভোট আগেই দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলেছেন এক নারী ভোটার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ভোটার নুরজাহান বেগম বুথ থেকে বেরিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, বহু বছর ধরে তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন। এবার বুথে গিয়ে জানতে পারেন, তার ভোট ইতোমধ্যে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি নিজেই ভোট দিতে আসছিলাম, কিন্তু বলে আমার ভোট হয়ে গেছে।’
ঘটনার পর কেন্দ্রের ভেতর ও বাইরে উপস্থিত ভোটারদের মধ্যে উৎকণ্ঠা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সকাল থেকেই কিছু ভোটার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কেন্দ্রে যাওয়ার আগেই নাকি তাদের ভোট দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম দাবি করেন, কয়েকজন ভোটার একই অভিযোগ করেছেন। আরেক ভোটার রহিমা খাতুন বলেন, ভোট দিতে এসে যদি এমন কথা শুনতে হয়, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনছুর হোসেন জানান, পোলিং এজেন্টদের ত্রুটির কারণে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে তিনি জানান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
