দিনাজপুরে জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের ৩ নেতাকর্মী আটক

অবশ্যই পরুন

দিনাজপুরের বিরামপুরে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামের তিন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মুকুল সরকার, একই এলাকার মৃত লালু ব্যাপারীর ছেলে শামসুল হক এবং গড়েরপার শিমুলতলী গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে আব্দুল জলিল। পুলিশ জানিয়েছে, তারা সবাই জামায়াতে ইসলামীর নেতাকর্মী।

বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন জানান, পলাশবাড়ী গ্রামে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের সময় স্থানীয়রা তিনজনকে আটক করে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে ২৫টি জিলাপির টোকেন জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে এবং তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ