দুর্নীতি দমনে ব্যর্থ ইউনুস সরকার: আন্তর্জাতিক সূচকে অবনতি, বাংলাদেশের অবস্থান ১৩তম

অবশ্যই পরুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) সর্বশেষ দুর্নীতির সূচকে বাংলাদেশ আরও এক ধাপ পিছিয়েছে। ২০২৫ সালের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম। এর আগের বছর ২০২৪ সালে দেশটির অবস্থান ছিল ১৪তম।

জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রণীত এই সূচকের তথ্য মঙ্গলবার প্রকাশ করা হয়। এ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রকাশিত সূচক অনুযায়ী, ১০০-এর মধ্যে মাত্র ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে সাউথ সুদান ও সোমালিয়া। অন্যদিকে, ৮৯ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ডেনমার্ক।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান উদ্বেগজনক। প্রতিবেশী দেশ ভারতের স্কোর ৩৯। এ অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের স্কোর ১৬, পাকিস্তানের ২৮, শ্রীলঙ্কার ৩৫ এবং নেপালের স্কোর ৩৪। দক্ষিণ এশিয়ায় তুলনামূলকভাবে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উঠে এসেছে ভুটান। দেশটির স্কোর ৭১ এবং বৈশ্বিক অবস্থান ১৮তম।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের সময়ে প্রশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক কাঠামোয় জবাবদিহির ঘাটতি, দুর্নীতির অভিযোগের কার্যকর বিচার না হওয়া এবং স্বচ্ছতার অভাব এই অবনতির অন্যতম কারণ। টিআইবি মনে করে, দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর সংস্কার ও স্বাধীন প্রতিষ্ঠান শক্তিশালী না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

টিআইবি তাদের বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক সদিচ্ছা, স্বাধীন বিচারব্যবস্থা এবং শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠনের ওপর জোর দিয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ