মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

অবশ্যই পরুন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা সুলতানা আফনান (১২) মারা গেছে। শনিবার (আজ) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত থেকে আসা গুলিতে আহত শিশুটি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে তার মৃত্যু হয়।

নিহত হুজাইফা সুলতানা আফনান কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে।

আফনানের চাচা এরশাদ জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

এর আগে গত ১১ জানুয়ারি সকালে হোয়াইক্যং সীমান্তের কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যের তোতারদ্বীপ এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলাকালে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি এসে আফনানকে আঘাত করে। পুলিশ জানায়, গুলিটি তার কানে লাগে।

ঘটনার পর আফনানকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিকভাবে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে পরে নিশ্চিত করা হয়, সে তখনও জীবিত ছিল। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ও পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ