বিএনপির দুই প্রার্থী জিতলেও গেজেট প্রকাশ হবে না

অবশ্যই পরুন

নির্বাচনে জয়ী হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপির দুই প্রার্থীর ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রার্থীরা হলেন চট্টগ্রাম–৪ আসনের আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম–২ আসনের সরোয়ার আলমগীর।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ পৃথক দুটি মামলার শুনানি শেষে এই আদেশ দেন। আদালত জানান, সংশ্লিষ্ট আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবেন, তবে জয়ী হলেও ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা যাবে না।

চট্টগ্রাম–৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে জামায়াত মনোনীত প্রার্থী ও একটি ব্যাংক নির্বাচন কমিশনে আপিল করে। কমিশন শুনানি শেষে তার প্রার্থিতা বহাল রাখে। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলেও তা খারিজ হয়। এরপর বিষয়টি আপিল বিভাগে গেলে আদালত লিভ টু আপিল মঞ্জুর করে এবং গেজেট স্থগিতের নির্দেশ দেন।

অন্যদিকে চট্টগ্রাম–২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশন ঋণখেলাপির অভিযোগে বাতিল করলেও হাইকোর্ট সেই সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। ওই আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর করা লিভ টু আপিল আপিল বিভাগ গ্রহণ করেন। আদালত জানান, তিনি নির্বাচন করতে পারবেন, তবে জয়ী হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল গেজেটভুক্ত হবে না।

আইনজীবীরা বলছেন, এই আদেশের ফলে নির্বাচনী প্রক্রিয়া চলবে ঠিকই, তবে চূড়ান্ত আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ থাকবে না।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ