ভোটের সিলসহ গ্রেপ্তার ১, জামায়াত নেতা পলাতক

অবশ্যই পরুন

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত ভোটের সিল জব্দের ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরজন পলাতক রয়েছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাতে সদর মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই মনির হোসেন জানান, এ মামলায় ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর আসামি জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ বর্তমানে আত্মগোপনে রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার টুমচর এলাকায় অবস্থিত মারইয়াম প্রিন্টার্স থেকে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ওই সময় দোকানের মালিক সোহেল রানাকে আটক করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাল ভোট প্রদানের উদ্দেশ্যে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ গত ৩০ জানুয়ারি সোহেল রানার কাছে পাঁচটি নির্বাচনী সিল তৈরির অর্ডার দেন। এ বিষয়ে তিনি হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজও পাঠান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে অবৈধভাবে এসব সিল প্রস্তুত করা হয়।

এদিকে সিল জব্দের পর বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক সোহেল জামায়াতের কর্মী। পাশাপাশি সিল তৈরির অর্ডার দেওয়া জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তিনি হাসপাতাল রোডে অবস্থিত আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

ঘটনাটি নিয়ে লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের বিরুদ্ধে জাল ভোট ও ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তিনি বলেন, এটি নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পিত প্রচেষ্টা এবং বিষয়টিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।

পরে একই আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিম পাল্টা সংবাদ সম্মেলনে বলেন, আটক সোহেল জামায়াতের কেউ নন। তবে ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।

এদিকে জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, সিল জব্দের ঘটনায় সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

সদর মডেল থানার এসআই মনির হোসেন বলেন, গ্রেপ্তার সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে রিমান্ড চাওয়া হয়নি। পলাতক আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ