ইসলামের নামে রাজনীতিতে মিথ্যা না বলার আহ্বান মির্জা ফখরুলের

অবশ্যই পরুন

ইসলামের নাম ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে, তবে মিথ্যা কথা বলা ও বিভ্রান্তি ছড়ানো অনুচিত।

বুধবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজের রাজনীতিতে বিশ্বাস করে এবং অযথা সমালোচনার রাজনীতি করে না। একটি দল নির্বাচনে অংশ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন করা দোষের নয়, কিন্তু মিথ্যা বলা এবং গীবত করা গ্রহণযোগ্য নয়।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দলটি ইসলামের কথা বললেও অনেক আলেম-ওলামা স্পষ্টভাবে বলেছেন যে জামায়াত কোনো ইসলামী দল নয়। তিনি অভিযোগ করেন, ইসলামের নামে সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের ভুল বোঝানো হচ্ছে।

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কোনো মুসলমান এ ধরনের কথা বিশ্বাস করতে পারে না। মানুষের আমলের বিচার একমাত্র আল্লাহ তায়ালাই করবেন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নারীদের নিয়ে কটু মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, সমাজের অর্ধেক মানুষ নারী, যাদের সম্মান না করলে ভালো কাজ করা সম্ভব নয়।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণ একটি সুষ্ঠু ও অবাধ ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তবে এবার সে পরিস্থিতি থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

ঠাকুরগাঁও সদর আসনে দীর্ঘদিন উল্লেখযোগ্য উন্নয়ন না হওয়ার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে কাজ করবেন।

শেষে তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, ধানের শীষ বিজয়ী হলে জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ