নোয়াখালীর একটি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড

অবশ্যই পরুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের একটি ভবনের নিচতলার একটি শ্রেণিকক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার বকশিরহাট এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় মাঠে থাকা বালু ও পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল কাউছার জানান, আগুনে শ্রেণিকক্ষটির ভেতরে থাকা ১৪ জোড়া বেঞ্চ, তিনটি বৈদ্যুতিক পাখা, শিক্ষকদের বসার চেয়ার ও টেবিল সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি আগুনের ধোঁয়ায় পাশের কয়েকটি শ্রেণিকক্ষের দেয়াল কালো হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত কক্ষটির দেয়ালের পলেস্তারা খসে পড়েছে।

তিনি আরও বলেন, পুড়ে যাওয়া বিদ্যালয় ভবনটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় না। তবে একই কম্পাউন্ডের ভেতরে অবস্থিত বীজবাগ এন কে উচ্চ বিদ্যালয় আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

স্থানীয় অভিভাবক সানা উল্লাহ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের রহস্যজনক অগ্নিকাণ্ড উদ্বেগজনক। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করা প্রয়োজন।

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা মো. ইলিয়াছ জানান, বিকেল ৫টা ২৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় ভবনটিতে বিদ্যুৎ সংযোগ চালু ছিল।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, বিদ্যুৎ সংযোগ থাকায় প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ