জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের সঙ্গে সম্পর্ক হারিয়েছে এবং বাইরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি দাবি করেন, সরকার জনগণের প্রতিনিধিত্ব না করে ভিন্ন স্বার্থে কাজ করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট আয়োজন সাংবিধানিকভাবে সম্ভব নয়। গণভোট আয়োজনের এখতিয়ার নির্বাচিত সংসদের। বর্তমান সরকারের উদ্যোগে গণভোট আয়োজন ভবিষ্যতে দেশদ্রোহিতা হিসেবে প্রমাণিত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও উগ্রপন্থার মাধ্যমে দেশকে ভিন্ন পথে নিতে চায়। এ ধরনের অপচেষ্টা রুখতে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, দেশে চিহ্নিত খুনিদের মুক্তি দেওয়া হচ্ছে এবং নিরীহ মানুষকে বিভিন্ন মামলায় হয়রানি করে কারাগারে পাঠানো হচ্ছে। তার ভাষায়, সর্বত্র অন্যায় ও নির্যাতন চলছে। ‘ইনকিলাব’-এর নামে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় পার্টির সংগ্রাম অব্যাহত থাকবে এবং দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
প্রচার-প্রচারণায় ভালো সাড়া পাওয়ার কথা উল্লেখ করে জি এম কাদের বলেন, রংপুর বিভাগের বিভিন্ন আসনে জাতীয় পার্টির প্রার্থীদের অবস্থান শক্তিশালী। অতীতে অন্যায় ও নির্যাতনের কারণে দল তাদের ঐতিহ্য ধরে রাখতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এবার জাতীয় পার্টি উল্লেখযোগ্যসংখ্যক ভোট ও আসন পাবে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ স্থানীয় নেতাকর্মীরা।
