চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সমাবেশকে কেন্দ্র করে একাদশ শ্রেণির নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কলেজ সূত্রে জানা যায়, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। কলেজের জারি করা নোটিসে বলা হয়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে নোটিস আকারে জানানো হবে। এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।
এদিকে, একই সময়ে চট্টগ্রামের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ‘অরাজনৈতিক’ রাখার কথা বললেও বাস্তবে শিক্ষার্থীদের রাজনীতিতে যুক্ত না হওয়ার অজুহাতে টিসি (স্থানান্তর সনদ) দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একদিকে রাজনৈতিক সমাবেশের কারণে পরীক্ষা স্থগিত করা হচ্ছে, অন্যদিকে একই প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনের কমিটি ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীদের ওপর কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। এতে শিক্ষাঙ্গনে বৈষম্যমূলক আচরণ ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানকে অরাজনৈতিক রাখার কথা বলা হলেও বাস্তবে রাজনৈতিক প্রভাব এড়ানো যাচ্ছে না। তাদের মতে, সুযোগের অভাবে যেমন সবাই সৎ থাকে, তেমনি ক্ষমতায় আসার আগ পর্যন্ত অনেকেই নিজেদের ‘নিরপেক্ষ’ হিসেবে তুলে ধরেন কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।
শিক্ষাবিদদের মতে, রাজনৈতিক কর্মসূচির কারণে পরীক্ষাসূচিতে ব্যাঘাত এবং শিক্ষার্থীদের ওপর প্রশাসনিক চাপ উভয়ই শিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক। তারা শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা ও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
ন্যাশনিক্স/এলকে
