জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং শাখা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সোমবার ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে নতুন নেতৃত্বের বিষয়টি জানানো হয়। সংগঠন সূত্রে জানা গেছে, জাবি শাখার সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক সদস্য সমাবেশে ব্যালট পেপারের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। ভোট গ্রহণ শেষে সর্বাধিক ভোট পেয়ে মোস্তাফিজুর রহমান সভাপতি নির্বাচিত হন।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভোটের ফল ঘোষণার পর তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শক্রমে সভাপতি মোস্তাফিজুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনীত করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শেষ হয়।
মোস্তাফিজুর রহমান বর্তমানে নিয়মিত ছাত্র নন। এ বিষয়ে তিনি জানান, সাংগঠনিক ব্যস্ততার কারণে মাস্টার্সের গ্রেডশিট সংগ্রহ করতে না পারায় চলতি বছরে এমফিলে ভর্তি হওয়া সম্ভব হয়নি। আগামী সেশনে এমফিলে ভর্তি হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এদিকে, নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের ভেতরে ও বাইরে আলোচনা শুরু হয়েছে। শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
ন্যাশনিক্স/এলকে
