ঢাবির মাঠে কিশোরদের কানধরে উঠবোস করালো ডাকসু নেতা।

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা একদল কিশোরকে কানধরে উঠবোস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে কয়েকজন কিশোরের দিকে এগিয়ে যাচ্ছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।

কিশোরদের কয়েকজন তখন নিজেরাই কানধরে উঠবোস করতে থাকেন। ভিডিওতে লাঠি হাতে তাদের দিকে তেড়ে যাওয়ার দৃশ্যও দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গত ৬ জানুয়ারির বলে বিভিন্ন ফেসবুক পেজে দাবি করা হচ্ছে। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক ব্যবহারকারী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন।

ফেসবুকে ভিডিওটি শেয়ার করে আবিদুর রহমান নামের এক ব্যক্তি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসার অপরাধে কিশোরদের এভাবে শাস্তি দেওয়ার অধিকার কারও নেই। তার ভাষ্য অনুযায়ী, কোনো অনিয়ম হলে সেটি দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কোনো ব্যক্তি বিশেষের নয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বারী হামীম নিজের ফেসবুক পোস্টে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি আরও কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, কিশোরদের শাসনের এমন পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের ভূমিকার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।

মনোয়ার হোসেন নামের আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেন, ঢাকা শহরে শিশু-কিশোরদের খেলার জায়গা কমে যাওয়ায় তারা অনেক সময় বিভিন্ন স্থানে খেলতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে ভীতিকর আচরণ না করে তাদের বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে বলাই দায়িত্বশীল আচরণ হওয়া উচিত।

উল্লেখ্য, এর আগেও এক বৃদ্ধের প্রতি আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। সর্বশেষ ভাইরাল ভিডিওটি ঘিরে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ