ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপির এক নেতা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে এই গুলির ঘটনা ঘটে।
আহত নেতার নাম হাসান মোল্লা। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঢাকা–২ আসনের ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। আহত নেতাকে দেখতে তিনি নিজেও হাসপাতালে যাচ্ছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
ন্যাশনিক্স/এলকে
