গফরগাঁওয়ে বিএনপি প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত পাঁচ

অবশ্যই পরুন

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টাধাওয়া ও পাথর নিক্ষেপে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্দের পর বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থকরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিতে ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে জড়ো হন। একই সময় বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা একটি বড় আনন্দ মিছিল নিয়ে স্কুলের সামনের সড়ক দিয়ে অতিক্রম করছিলেন।

এ সময় দুই পক্ষ মুখোমুখি হলে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।

সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর স্বতন্ত্র প্রার্থীর বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেনের কার্যালয়ে হামলা চালায়। এ সময় অফিস ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, প্রতীক পাওয়ার পর শান্তিপূর্ণ আনন্দ মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি প্রার্থীর সমর্থকরা তার মিছিলে হামলা চালায় এবং পাথর নিক্ষেপ করে কয়েকজনকে আহত করে।

অন্যদিকে বিএনপির দলীয় প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু বলেন, তিনি ওই সময় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছিলেন। তার দাবি, স্বতন্ত্র প্রার্থীর নেতৃত্বে আসা মিছিল থেকে স্কুলের ভেতরে অবস্থানরত তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে তার সমর্থকদের অফিসে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন জানান, স্বতন্ত্র প্রার্থীর আনন্দ মিছিল স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ