কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৪০০ থেকে ৫০০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার রাত আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ক্যাম্পটির ডি-৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে আগুনের উৎপত্তি হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের বসতঘর ও শেডে ছড়িয়ে পড়ে।
রাতের বেলায় আগুন লাগায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোহিঙ্গা পরিবার জীবন বাঁচাতে ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ চেষ্টা শেষে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই কয়েকশ ঘর আগুনে পুড়ে যায়।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।
উল্লেখযোগ্য যে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পে একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। এছাড়া ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়। একের পর এক অগ্নিকাণ্ডে ক্যাম্পের অগ্নিনিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে রোহিঙ্গাদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
ন্যাশনিক্স/এএএইচপি
