সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবিতে ছাত্রদলের কর্মসূচি

অবশ্যই পরুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার রাতে (১৯ জানুয়ারি) সংগঠনটির রাবি শাখার সহ-দপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উসকানিমূলক ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার স্বার্থে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন এবং প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

এছাড়া বিষয়টির প্রতিবাদ ও দাবির পক্ষে আজ সোমবার দুপুর ১টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব হল ও অনুষদের ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ