রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় অন্তত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসকে জানানো হলে সকাল ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হলেও তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত ও অসুস্থ অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে।
ন্যাশনিক্স/এলকে
