ভারত থেকে আমদানি করা ৫ হাজার টন সিদ্ধ চাল বাংলাদেশে পৌঁছেছে

অবশ্যই পরুন

সরকারি খাদ্য মজুদ জোরদার করতে ভারত থেকে আমদানি করা ৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিক এলাকায় নোঙর করে।


খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, জাহাজে থাকা চাল খালাস শেষে নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি খাদ্য গুদামে পাঠানো হবে। পুরো চাল খালাস কার্যক্রম শেষ হতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। খালাস সম্পন্ন হলে জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।


মোংলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, বুধবার বিকেলে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করে মান যাচাইয়ের জন্য খুলনা ও ঢাকার পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে চাল খালাস ও পরিবহন শুরু হবে।


তিনি আরও জানান, চালের নমুনা সংগ্রহ ও পরিদর্শন কার্যক্রমে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এসকে মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।


খাদ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, সরকার সরকারিভাবে (জি-টু-জি) চুক্তির আওতায় ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে মোট ৮ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে মোংলা বন্দর দিয়ে প্রায় ২৫ হাজার টন চাল দেশে প্রবেশ করেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ