কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখছে পুলিশ। শুক্রবার দুই জানুয়ারি রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম মো. নাসিম উদ্দিন। তার বয়স চব্বিশ বছর এবং সিপাহী নম্বর এক এক চার ছয় শূন্য চার। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্র জানায়, রাতে সীমান্তে টহলে যাওয়ার প্রস্তুতি হিসেবে ইউনিফর্ম পরে নিজ দায়িত্বপ্রাপ্ত অস্ত্র গ্রহণ করেন সিপাহী নাসিম উদ্দিন। এক পর্যায়ে তিনি ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের সীমানার ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন।
গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে টেনে ব্যারাকের বারান্দায় আনা হয় এবং সেখান থেকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ন্যাশনিক্স/এলকে
