হাদির আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করল এনসিপি

অবশ্যই পরুন

দুর্বৃত্তের গুলিতে নিহত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নির্বাচনী আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। ওই আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করা হয়েছে।
রোববার আটাশ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শহীদ শরিফ ওসমান হাদির রাজনৈতিক ময়দান ছিল ঢাকা আট আসন। সেই আসনেই আরেক বিপ্লবী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।


এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা আঠারো আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। ওই আসনকে কেন্দ্র করে তিনি ইতোমধ্যে প্রচার প্রচারণাও চালিয়ে আসছিলেন।
এদিকে জামায়াতে ইসলামী ও সমমনা আট দলের রাজনৈতিক জোটে নতুন করে জাতীয় নাগরিক পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে আজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের কথা রয়েছে।


অন্যদিকে ঢাকা আট আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দীন এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে যদি আসন সমঝোতা হয় তাহলে ঢাকা আট আসনে চূড়ান্ত প্রার্থী কে হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ