মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাংনী উপজেলা জামায়াতে ইসলামী। হামলায় আহত জামায়াত কর্মী বাবলু বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হুদা এক বিবৃতিতে হামলাটিকে ন্যাক্কারজনক ও গণতন্ত্রবিরোধী বলে উল্লেখ করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা কখনো গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও সুস্থ রাজনৈতিক চর্চার পরিপন্থী।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা চালানো হয়েছে বলে তারা মনে করেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
স্থানীয় সূত্রে জানাগেছে, ভাটপাড়া গ্রামে অবস্থানকালে জামায়াত কর্মীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, বিএনপির নাম ব্যবহারকারী কয়েকজন ব্যক্তি আকস্মিকভাবে এই হামলায় অংশ নেয়। এতে বাবলু নামের এক জামায়াত কর্মী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত গাংনী হাসপাতালে ভর্তি করা হয়।
গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
ন্যাশনিক্স/জেএফ
