পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বৃহস্পতিবার দুপুরে মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় পথচারীরা দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নেন। চিকিৎসকরা বেলা দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, স্থানীয়দের বরাতে তারা জানতে পেরেছেন নয়ন নামের এক যুবক আব্দুর রহমানকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পরপরই ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তিনি জানান, নিহত ব্যক্তি শ্যামবাজার এলাকারই বাসিন্দা।
উল্লেখ্য, এর এক মাস আগেই ১০ নভেম্বর—পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫) প্রকাশ্যে গুলিতে নিহত হন।
