শুক্রবার থেকে মেট্রোরেল বন্ধের আশঙ্কা

অবশ্যই পরুন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ে দীর্ঘসূত্রতা ও বারবার প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। তাদের এই কর্মসূচির ফলে রাজধানীতে মেট্রোরেলের যাত্রীসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করা হবে।

কর্মচারীরা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল গঠনের পর ১২ বছর কেটে গেলেও ৯০০-র বেশি কর্মকর্তা-কর্মচারীর স্বতন্ত্র চাকরি-বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। এতে ছুটি, গ্র্যাচুইটি, সিপিএফ, ওভারটাইম ভাতা, গ্রুপ ইন্স্যুরেন্স এবং পদোন্নতির মতো মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কর্তৃক ৬০ কর্মদিবসের মধ্যে চাকরি-বিধিমালা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারির আন্দোলনের পর আবারও ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের আশ্বাস দেওয়া হয়। কিন্তু ৯ মাসেও তা কার্যকর হয়নি।

কর্মচারীদের দাবি, সার্ভিস রুলের বেশিরভাগ ধারায় পরিচালনা পর্ষদ সম্মত থাকলেও প্রকল্পের জনবলকে কোম্পানিতে আত্মীকরণের জন্য যুক্ত ‘বিশেষ বিধান’ সরকারি নীতি ও আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা অনুমোদন পাচ্ছে না।

১০ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক কর্মচারীদের জানান, ‘বিশেষ বিধান’ বহাল থাকলে সার্ভিস রুল অনুমোদন অসম্ভব। তিনি কোনো সময়সীমাও দিতে পারেননি।

এ অবস্থায় কর্মচারীরা চূড়ান্ত আলটিমেটাম দিয়ে বলেছেন, ১১ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ না হলে ১২ ডিসেম্বর থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু হবে। যার ফলে মেট্রোরেলের যাত্রীসেবা বন্ধ থাকবে এবং প্রতিদিন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলবে।

কর্মচারীদের বক্তব্য, কর্তৃপক্ষের অযৌক্তিক বিলম্ব ও বিতর্কিত ধারাটি না সরানোই তাদের আন্দোলনে নামতে বাধ্য করেছে। জনদুর্ভোগ সৃষ্টি হলে দায় নিতে হবে ডিএমটিসিএল ব্যবস্থাপনাকেই।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ