অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা—যুব ও ক্রীড়া, সমবায় ও স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম—নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় ডাকা সংবাদ সম্মেলনে তাদের পদত্যাগ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ জানান, এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার তার নেই এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই বিষয়টি জানানো হবে। তিনি আরও জানান, তিনি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, তবে কোন আসন বা দল থেকে নির্বাচন করবেন তা স্পষ্ট করেননি। কিছুদিন আগে তিনি কুমিল্লা থেকে ভোটার স্থানান্তর করে ঢাকা-১০ আসনের ভোটার হন।
গত বছরের ৮ আগস্ট ছাত্র প্রতিনিধির কোটা থেকে উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেও পরে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব তার ওপর অর্পিত হয়।
একইভাবে মাহফুজ আলমও পদত্যাগ করেছেন। তিনি প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। পরবর্তীতে নাহিদ ইসলাম পদত্যাগ করলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি।
উপদেষ্টাদের পরপর পদত্যাগে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
ন্যাশনিক্স/এজে
