‘মাইনাস টু’ সম্ভাবনা বাড়ছে, অনিশ্চিত হয়ে পড়ছে তারেকের ফেরা

অবশ্যই পরুন

২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থ অবৈধভাবে সরানোসহ বিভিন্ন দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি রাজনীতি না করার অঙ্গীকারনামা দিয়ে জামিন পান বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এরপর ১১ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গমন করেন এবং তখন থেকেই যুক্তরাজ্যে অবস্থান করছেন।

পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে বিভিন্ন মামলার রায় ও কারাদণ্ড হয়। সে সময় তারেক রহমান অভিযোগ করতেন যে, সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছে না। রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্যে অবস্থান করে তিনি বিএনপির কার্যক্রমও সেখান থেকেই পরিচালনা করছিলেন।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলে গেলেও তিনি এখনও দেশে ফিরছেন না। আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পার হলেও তারেক রহমানের দেশে না ফেরার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। পরিবারের কর্তা হিসেবে এমন সময়ে তিনি দেশে ফিরবেন কিনা এই প্রশ্ন এখন আরও জোরালোভাবে উঠছে। সমর্থকদের একাংশ বলছে, “মায়ের অবস্থার এই সময়ে তিনি না ফিরলে কবে ফিরবেন?” অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলে উঠছে আরেক প্রশ্ন বর্তমানে তিনি কাদের ভয় পাচ্ছেন?
কেউ কেউ ইঙ্গিত করছেন, আওয়ামী লীগ নয়, এবার তিনি কি জামায়াতপন্থী শক্তির চাপের মুখে?

রাজনৈতিক অঙ্গনে এসব প্রশ্নের পাশাপাশি আলোচনা হচ্ছে আরেকটি ইস্যু নিয়েও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় পূর্বে এক ভিডিও বার্তায় বলেছিলেন বাংলাদেশের দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি দুটির নেতৃত্বকেই “মাইনাস” করার একটি পরিকল্পনা চালু ছিল। রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন, ২০২৪–এর পর ক্ষমতায় আসা নতুন ইউনূস সরকারের অধীনে কি সেই ‘মাইনাস টু’ পরিকল্পনার নতুন সংস্করণ বাস্তবায়িত হচ্ছে?

তারেক রহমানের দেশে না ফেরা নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে , তিনি কি রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত, নাকি স্বেচ্ছায় দূরে থাকছেন? মায়ের অসুস্থতাও কি তাকে ফিরিয়ে আনতে পারছে না? নতুন ক্ষমতার ব্যবস্থায় তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে?

দেশের রাজনীতি এখন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তরের অপেক্ষায়।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ