তৌহিদী জনতার বিক্ষোভে বন্ধ হয়ে গেল ‘ঢাকাইয়া মেলা’

অবশ্যই পরুন

কক্সবাজারের ঈদগাঁও এলাকায় তৌহিদী জনতার বিক্ষোভ ও হামলার মুখে ‘ঢাকাইয়া মেলা’ বন্ধ হয়ে গেছে। গত রোববার আসরের নামাজের পর একদল মুসল্লি মেলাস্থলে গিয়ে স্টল সরিয়ে নিতে বাধ্য করেন। এর আগে ২৩ নভেম্বর উত্তর মাইজপাড়া আলমাছিয়া মাদ্রাসার পাশে নির্মাণাধীন ভবনে মেলাটি শুরু হয়েছিল।

শনিবার স্থানীয়দের আপত্তির কারণে আয়োজকরা মেলা বন্ধের ঘোষণা দিলেও পরদিন স্টল খোলা দেখে আবারও বিক্ষোভ শুরু হয়। মসজিদ থেকে মিছিল নিয়ে মেলার দিকে গেলে আয়োজকরা স্থান ত্যাগ করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষোভকারীরা স্টল মালিকদের মালপত্র সরিয়ে নিতে সময় দেন এবং কিছু ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ মেলার আড়ালে জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ড হচ্ছিল এবং প্রশাসন বিষয়টি জানলেও নীরব ছিল। মেলার পাশে আলমাছিয়া ফাজিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় পরীক্ষার সময় যানজট ও বিশৃঙ্খলার কারণে শিক্ষার্থী ও অভিভাবকরাও ভোগান্তিতে পড়েন।

অজ্ঞাত পরিচয়ের কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি জানান, স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কিছু নেতা মেলার আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন।

ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, মেলা পরিচালনার জন্য পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, জেলা প্রশাসনের কাছ থেকেও এ মেলার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও জানান, স্থানীয়দের বিক্ষোভে মেলাটি ভেঙে যাওয়ার খবর শুনেছেন, তবে কারা আয়োজন করেছে বা কারা ভেঙেছে-এ বিষয়ে তারা কোনো তথ্য পাননি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ