চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের সঙ্গে চট্টগ্রাম ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানের কথোপকথন নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় সাইফুর রহমান ওসিকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব দিচ্ছেন।
ভিডিওতে সাইফুর রহমানকে বলতে শোনা যায় যে পুলিশের জন্য অতিরিক্ত সহায়তা প্রয়োজন হলে তিনি শিবির ও জামায়াতের কর্মীদের সহযোগী পুলিশ হিসেবে দিতে পারবেন। তিনি বলেন যদি গোয়েন্দা নজরদারির জন্য আলাদা টিম লাগে তাহলে ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা দল গঠনে তার পক্ষ থেকে লোকবল সরবরাহ করা হবে।
তিনি দাবি করেন মিরসরাই এলাকায় ডাকাতির ঘটনা বাড়তে থাকায় ২০ নভেম্বর থানায় গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন যদি দু একজন ডাকাতকে হাতে নাতে ধরা যেত এবং শাস্তি দেওয়া যেত তাহলে এলাকাবাসীর মনে হতো যে পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেশি সক্রিয় হয়েছে।
সাইফুর রহমান বলেন তারা নিজেরা ডাকাত ধরতে ঘরে ঘরে অভিযান চালাতে পারবেন না কারণ এতে উল্টো তাদেরই ডাকাত হিসেবে চিহ্নিত করা হতে পারে। তাই তথ্য এবং সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে তিনি উল্লেখ করেন।
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায় যে মিরসরাইয়ের দায়িত্বে থাকা সামরিক গোয়েন্দা সংস্থা ডিএজিএফআই এবং স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তাদের সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানান সংশ্লিষ্ট সংস্থাগুলো তথ্য দিলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারে।
ওসি আতিকুর রহমানকেও ভিডিওতে প্রতিক্রিয়া দিতে শোনা যায়। তিনি বলেন এই মুহূর্তে পুলিশের স্থানীয় সহযোগিতা প্রয়োজন এবং আগামী ১৫ দিন যদি তারা সহায়তা করে তাহলে এর ফল দেখা যাবে। ওসি আরও বলেন তিনি জামায়াত প্রার্থীর প্রথম প্রস্তাবটি শুনে খুশি হয়েছেন। তিনি সমাজসেবক এবং এলাকার সক্রিয় ব্যক্তিদের নিয়ে পাড়া মহল্লাভিত্তিক টিম গঠনের প্রস্তাব দেন। এসব টিম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে এবং পুলিশ তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তিনি আশ্বাস দেন মাঠে এই টিমগুলোর নিরাপত্তা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।
ন্যাশনিক্স/এজে
