বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তা এই দুটি ফুলের তোড়া আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুল গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন। গত রোববার রাত ৮টার দিকে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বোর্ডের এক সদস্য জানিয়েছেন, খালেদা জিয়ার নিউমোনিয়া ধরা পড়েছে। জটিল মাল্টি ডিজিজের কারণে সব চিকিৎসা একসঙ্গে দেওয়া সম্ভব নয় এবং ঝুঁকিও রয়ে গেছে। পরীক্ষার ফলাফলেও ভালো ও খারাপ—দুই ধরনের রিপোর্ট এসেছে বলে জানান তিনি।
ন্যাশনিক্স/এজে
