বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল (অ্যালফাবেট) ২০২৫ সালের প্রথম ছয় মাসের স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কাছে মোট ২৭৯টি কনটেন্ট সরানোর অনুরোধ পাঠানো হয়েছে। এসব অনুরোধের বড় একটি অংশ ছিল সরকারের সমালোচনামূলক ভিডিও ও পোস্ট অপসারণের দাবি।
গুগলের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এ সময়ে বাংলাদেশ থেকে মোট ১ হাজার ২৩টি কনটেন্ট আইটেম অপসারণের আবেদন গুগলের হাতে পৌঁছায়। তুলনামূলকভাবে ২০২৪ সালের প্রথম ছয় মাসে, যখন আওয়ামী লীগ সরকার দায়িত্বে ছিল, তখন ৩৩৭টি অনুরোধের বিপরীতে অপসারণের জন্য পাঠানো আইটেম ছিল ৪ হাজার ৪৭০টি—যা সংখ্যায় অনেক বেশি।
২০২৫ সালের প্রতিবেদনের বিশ্লেষণে দেখা যায়, সর্বাধিক ১৮১টি অনুরোধ এসেছে সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর দাবিতে, এবং সবগুলোই ছিল ইউটিউব ভিডিও সম্পর্কিত। এছাড়া নিয়ন্ত্রিত পণ্য ও সেবাবিষয়ক ৩৮টি এবং মানহানির অভিযোগে ৩২টি অনুরোধ পাঠানো হয়েছে। এসব অনুরোধের বেশির ভাগই এসেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে।
গুগল জানিয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো আইটেমগুলো যাচাই করতে গিয়ে দেখা গেছে ৬৫ শতাংশ অনুরোধে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। বাকি ক্ষেত্রে ১৬ দশমিক ১ শতাংশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ৯ শতাংশ কনটেন্ট আগেই সরানো ছিল, ২ দশমিক ৫ শতাংশ আইনি প্রক্রিয়ায় এবং ৩ দশমিক ৭ শতাংশ নীতি অনুযায়ী অপসারণ করা হয়েছে। ৩ দশমিক ৫ শতাংশ আইটেম গুগল খুঁজে পায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ আছে।
ইউটিউব জানিয়েছে, তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গের কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ থেকে ৬ লাখ ২১ হাজার ৬৫৫টি ভিডিও অপসারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে, যার আওতায় বিটিআরসি কনটেন্ট ব্লক করতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে অনুরোধ করতে পারে। নিয়মটি আগের আইনে থাকলেও নতুন অধ্যাদেশে যুক্ত করা হয়েছে, যে কোনো ব্লক করা কনটেন্টের তালিকা স্বচ্ছতার স্বার্থে প্রকাশ করতে হবে।
ডিজিটালি রাইটসের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেছেন, নতুন বিধান অনুসারে সরকার যদি ব্লক করা কনটেন্টের তালিকা প্রকাশ করে, তাহলে জনগণ জানতে পারবে কোন ধরনের সমালোচনাকে অপসারণের চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
ন্যাশনিক্স/এজে
