বসুন্ধরায় লাকসাম ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু

অবশ্যই পরুন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল রাতে। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—এ নিয়ে তীব্র রহস্য দেখা দিয়েছে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা দাবি করছেন, আল আমিনকে আগে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি মিলেছে। তবে শরীরের অবস্থান স্বজনদের সন্দেহ আরও বাড়িয়েছে। কারণ হাঁটু এবং পা মেঝেতে ভাঁজ হয়ে লেগে ছিল। জানালার উচ্চতাও ছিল তুলনামূলক কম, ফলে পুরো শরীর ঝুলে না থাকায় এটিকে স্বাভাবিক আত্মঘাতী ঘটনা বলে মেনে নিতে পারছেন না কেউ। তাদের অভিযোগ হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে অপরাধীরা পালিয়ে গেছে।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নিহতের ভাইয়ের হৃদয়বিদারক আহাজারির একটি ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়,
“আমার ভাই মরে গেছে… মিছা কথা কইতেছে, আমার ভাইরে মাইরা লাইছে।”
শোকে ভেঙে পড়া তিনি আরও বলেন,
“সবাই আল্লাহর কাছে দোয়া করেন… আমার ভাইরে মাইরা লাইছে।”
স্বজনরা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি কান্নায় ভেঙে পড়েন।

লাকসাম ও কুমিল্লার ছাত্ররাজনীতিতে পরিচিত মুখ আল আমিনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক। দলের নেতাকর্মীরা ঘটনার দ্রুত তদন্ত এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট ও তদন্ত শেষেই জানা যাবে এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ