জামায়াতের শোডাউনমুখী মোটরসাইকেলের ধাক্কায় সাতক্ষীরায় বৃদ্ধের মৃত্যু

অবশ্যই পরুন

সাতক্ষীরায় জামায়াতের শোডাউনে অংশ নিতে যাওয়া মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী বাদামতলা কারিগর পাড়ার বাসিন্দা।

নিহতের ভাতিজা শামসুজ্জামান জানান, বয়স্ক ও অসুস্থ ফজর আলী দুপুরে নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

স্থানীয় ইউপি সদস্য ইকবল হোসেন বলেন, জামায়াতের শোডাউনের গাড়িগুলো ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল। ফজর আলী মসজিদে যাওয়ার পথে সড়ক পার হতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

জামায়াতের সাতক্ষীরা সদর উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, ফজর আলী তাদের সংগঠনের সমর্থক ছিলেন। সড়কের পাশে বাইকের লুকিং গ্লাসে ধাক্কা লাগার পর তার মৃত্যু হয় বলে তিনি দাবি করেন।

সাতক্ষীরা সদর থানার এসআই মেহেদী হাসান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ফজর আলী মারা যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ন্যাশনিক্স/এপি 

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ