ঢাকা–বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধের কারণে রবিবার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ডাকা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ শুরু করেন।
অবরোধকারীরা সড়কে গাছ ফেলেন ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান, ফলে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয় এবং দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস মহাসড়ক সচল করতে গাছ অপসারণের কাজ শুরু করে। মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা সরে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
ডাসার থানার ওসি শেখ এহতেশামুল ইসলাম বলেন, ডাসার ও কালকিনি অংশে সাত-আটটি স্থানে সড়কের পাশের গাছ কেটে মহাসড়কে ফেলে রাখা হয়েছিল এবং কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। ডাসার অংশের গাছ সরানো হয়ে গেছে, তবে কালকিনির অংশে বড় গাছ থাকায় কিছুটা সময় লাগছে। খুব শিগগিরই পুরো মহাসড়ক স্বাভাবিক হবে বলে তিনি জানান।
ন্যাশনিক্স/এজে
