আজ থেকে নতুন পোশাকে দেশের সব মহানগর পুলিশ

অবশ্যই পরুন

বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নতুন ইউনিফর্মে মাঠে নামছেন। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ দেশের বিভিন্ন মহানগর পুলিশ ইউনিট ও বিশেষায়িত শাখায় নতুন এই পোশাক পরিধান শুরু হয়েছে। তবে জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি; ধাপে ধাপে সেখানেও সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বৈষম্যবিরোধী আন্দোলন দমনের অভিযোগের পর পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরপর অন্তর্বর্তী সরকার পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর জন্য নতুন পোশাক অনুমোদন দেয়। এই উদ্যোগের অংশ হিসেবে মহানগর পুলিশে লৌহ রঙের নতুন পোশাক চালু করা হয়েছে। পাশাপাশি পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ–পুলিশও একই ধরনের পোশাক ব্যবহার করবে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ থেকে দেশের সব মহানগরে নতুন ইউনিফর্ম ব্যবহার শুরু হয়েছে। ধীরে ধীরে সব সদস্যই এ পোশাক পাবেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, জেলা ও রেঞ্জ পর্যায়েও এই নতুন পোশাক চালু হবে। তবে এপিবিএন এবং এসপিবিএন আগের পোশাকেই থাকবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পুলিশ, র‌্যাব ও আনসারের জন্য নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে এবং তা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।

সরকারের আশা, নতুন পোশাকের পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিকতারও ইতিবাচক পরিবর্তন আসবে। এ উদ্দেশ্যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তুতিও চলছে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ