রাজধানীর গুলশান এলাকায় ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম সৌরভ, তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
ঘটনাটি ঘটে সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে গুলশান এলাকায়। জানা যায়, বিএনপির গুলশান কার্যালয় থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একাধিক ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সৌরভ কেন ঢাকায় এসেছিলেন তা তারা জানতেন না। নিহতের ভাই সাইফুল ইসলাম বলেন, “পুলিশ আমাদের ফোন দিয়ে জানায়, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এখন হাসপাতালে আছি।”
এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ জানান, “আমরা থানায় আছি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এ ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হত্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, “সৌরভ ছিল একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী কর্মী। তাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এ বিষয়ে গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।
ন্যাশনিক্স/এজে
