নিয়ম লঙ্ঘন করে ঢাকার ভোটার হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ!

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ চলমান সময়ে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসায় অবস্থান করছেন। তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলায় হলেও সম্প্রতি তিনি হঠাৎই ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করে ঢাকা-১০ আসনের ভোটার হয়ে যান।

রবিবার তিনি সংবাদমাধ্যমকে জানান, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা থাকায় ভোটার এলাকার পরিবর্তন প্রয়োজন ছিল।

তবে নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সংশ্লিষ্ট এলাকায় ভোটার হওয়া বাধ্যতামূলক নয়। সেই কারণে রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রশ্ন তুলছেন আইনি বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও কেন তিনি তড়িঘড়ি করে ভোটার এলাকা বদলালেন?

এ নিয়ে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব শেষ হলে তিনি ধানমন্ডি এলাকায় বসবাস করার পরিকল্পনা করছেন। তাই অগ্রিম ভোটার হওয়া প্রয়োজন মনে করেছেন।

কিন্তু এখানে আরেকটি বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট এলাকায় নিজের বাড়ি-জমি বা আইনগতভাবে বৈধ ভাড়াটিয়া হিসেবে বসবাসের প্রমাণপত্র থাকা বাধ্যতামূলক। ভাড়াটিয়াদের ক্ষেত্রে ভাড়ার রশিদসহ চার ধরনের নথি জমা দেওয়ার নিয়ম আছে।অভিযোগ হচ্ছে এই নিয়ম মানা হয়নি।

গত এক বছরের বেশি সময় ধরে তিনি সরকারি বাসায় থাকলেও আবেদনপত্রে দাবি করা হয়েছে যে তিনি প্রায় আট বছর ধরে ঢাকার নিউ মার্কেট এলাকায় একটি বাসায় থাকছেন। এ দাবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ