মোহামেডান ও আবাহনির পর এবার বসুন্ধরা কিংসের উপর ফিফার নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

বাংলাদেশের শীর্ষ ফুটবল ক্লাবগুলোর ওপর একের পর এক ফিফা নিষেধাজ্ঞা নেমে এসেছে। গত আট দিনের মধ্যেই দেশের সবচেয়ে জনপ্রিয় তিন ক্লাব আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস ফুটবলার নিবন্ধনের নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস একসময় আর্থিক স্থিতিশীলতা ও খেলোয়াড়দের উচ্চ বেতনের জন্য প্রশংসিত ছিল। কিন্তু ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটি মারাত্মক আর্থিক সংকটে পড়ে। চুক্তিকৃত পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি ফুটবলার ও কোচরা ফিফায় অভিযোগ করেন।

সেই অভিযোগের ভিত্তিতে সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতের অভিযোগে ২৭ আগস্ট বসুন্ধরা কিংসের ওপর প্রথম নিষেধাজ্ঞা জারি হয়। পরে ২৩ থেকে ২৯ অক্টোবরের মধ্যে আরও চারটি পৃথক নিষেধাজ্ঞা আসে। ২৯ অক্টোবর মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ৩ নভেম্বর ঢাকা আবাহনীও ফিফার একই ধরনের নিষেধাজ্ঞার আওতায় পড়ে। সর্বশেষ গতকাল বসুন্ধরা কিংসের ওপর আবারও নতুন করে নিষেধাজ্ঞা আরোপিত হয়।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান দলবদল ইতোমধ্যেই শেষ হওয়ায় এই নিষেধাজ্ঞা এখনই ক্লাবগুলোর খেলার পথে বাধা সৃষ্টি করছে না। কিন্তু দুই লেগের মধ্যবর্তী দলবদলে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে চাইলে নিষেধাজ্ঞা উঠাতে হবে।

ফিফার নিয়ম অনুযায়ী, ক্লাবগুলো খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত অথবা খেলোয়াড়রা নিজেরাই অভিযোগ প্রত্যাহার না করা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ফলে দেশের তিন বড় ক্লাব এখন বড় এক প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জের মুখে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ