শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদারের রাজনৈতিক কার্যালয়ে রাতের বেলা হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে সদর পৌরসভার ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণ হয়, যা মুহূর্তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসের সামনে অবস্থান নিয়ে হঠাৎই একাধিক হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের দোকানপাট ও পথচারীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরণের কিছু আলামত উদ্ধার করে।
সবুজ তালুকদার জানান, তিনি দীর্ঘদিন ধরে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের কাছ থেকে হত্যার হুমকি পাচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা। ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না। আমি প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
