গাংনীতে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলীয় মনোনয়ন পাওয়া আমজাদ ও বঞ্চিত নেতা মিল্টনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে একাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিল্টনপন্থী নেতাকর্মীরা প্রথমে আমজাদের সমর্থকদের স্থানীয় পার্টি অফিসে হামলা চালায় এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেলে আমজাদ সমর্থকরা পাল্টা মিছিল নিয়ে গাংনী বাজারে অবস্থান নেয় এবং পুরো বাজার এলাকা দখলে নেয় বলে স্থানীয়রা জানান।
এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দোকানপাট বন্ধ হয়ে যায়, এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক।
স্থানীয়রা অভিযোগ করেন, সংঘর্ষ চলাকালে পুলিশ ও সেনা সদস্যরা নিকটে অবস্থান করলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাদের নিষ্ক্রিয় ভূমিকার কারণে পরিস্থিতি আরও বেপরোয়া আকার ধারণ করে।
বর্তমানে গাংনী বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
