ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপি’র মনোনয়ন ঘোষণার পর তীব্র অসন্তোষের ঢেউ আছড়ে পড়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকায় উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নাম না থাকায়, সোমবার (৩ নভেম্বর) রাতে হাজার হাজার সমর্থক বিক্ষোভ মিছিল নিয়ে গৌরীপুর পৌর শহরে নেমে আসে।বিক্ষোভ চলাকালীন আবেগময় এক দৃশ্যের সৃষ্টি হয় যখন মনোনয়ন বঞ্চিত নেতা হিরণের সহধর্মিনী সায়েদা মাশরুর হাজারো সমর্থকদের মাঝে কান্নায় ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন, তার স্বামী আহমেদ তায়েবুর রহমান হিরণ চরমভাবে নির্যাতিত একজন নেতা, যার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে এবং যার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেন, এমন পরিস্থিতিতেও কেন তার স্বামীকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হলো, তা তিনি বুঝতে পারছেন না। সায়েদা মাশরুর কান্নাজড়িত কণ্ঠে অবিলম্বে মনোনয়ন পরিবর্তনের জোর দাবি জানান। তার এই আর্তনাদ সমর্থকদের মধ্যেও কান্নার আবহ তৈরি করে।অন্যদিকে, এই আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিক্ষুব্ধ সমর্থকরা হুঁশিয়ারি দিয়েছে যে, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন না করা হয়, তবে তারা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখবে।
