বিস্তারকে কেন্দ্র করে তুহিন দেওয়ান (২২) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তুহিন দেওয়ান মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম দেওয়ানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে নিজ বাড়ির পাশেই হাঁটতে বের হন তুহিন। এসময় প্রতিপক্ষের কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তুহিনকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নিহতের মা লাকি আক্তার অভিযোগ করে বলেন, রাজনৈতিক বিরোধের জেরে তার ছেলেকে দীর্ঘদিন ধরে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। কিছুদিন এলাকা ছেড়ে লুকিয়ে থাকলেও এক স্থানীয় নেতার সহায়তায় সম্প্রতি আবার গ্রামে ফিরে আসে তুহিন। এর পর থেকেই প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
এলাকাবাসী জানায়, গুলির শব্দ ও ককটেলের বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ ভয়ে ঘটনাস্থলে যেতে পারেনি।
পরে স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, নিহতের পিঠ ও ঘাড়ে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
পুলিশ ঘটনার পর এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
