জুমার নামাজ শেষে রাজধানীজুড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। দনিয়া কলেজ, শনির আখড়া, যাত্রাবাড়ি, গুলিস্তান, ধানমন্ডি, উত্তরা ও তেজগাঁওসহ প্রায় ৪০টি স্থানে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা “অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ”, “দমন–পীড়ন বন্ধ” এবং “নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ”সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পুরো রাজধানীতে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” ও “হটাও ইউনুস, বাঁচাও দেশ” স্লোগান ধ্বনিত হয়।
অংশগ্রহণকারীরা লাল–সবুজের জাতীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি বহন করে রাজপথে মিছিল করেন। তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মিছিলগুলো উৎসবমুখর রূপ নেয়।
দনিয়া কলেজ ও শনির আখড়ায় অনুষ্ঠিত মিছিলে ছাত্রলীগ নেতারা বলেন, জনগণের উপর চাপিয়ে দেওয়া “অবৈধ সরকারের” অবসান ঘটাতে হবে। তারা আওয়ামী পরিবারের নেতাকর্মীদের ওপর চলমান নির্যাতনের অবসান দাবি করেন।
ধানমন্ডি ও তেজগাঁওয়ের সমাবেশে যুবলীগ নেতারা বলেন, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য আওয়ামী লীগ অতীতেও লড়েছে, ভবিষ্যতেও জনগণের ভোটাধিকার রক্ষায় লড়াই অব্যাহত থাকবে।
রাজধানীর বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও ব্যাপক অংশগ্রহণের কারণে কিছু এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। তবে সামগ্রিকভাবে পুরো শহরজুড়ে ছিল ঐক্য, উদ্দীপনা ও উৎসবের আবহ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গণমিছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ঐক্য ও সংগঠিত শক্তির একটি নতুন বার্তা দিয়েছে। তাদের মতে, এই কর্মসূচি শুধু প্রতিবাদ নয়, ভবিষ্যৎ গণআন্দোলনের একটি সম্ভাব্য সূচনাও হতে পারে।
ন্যাশনিক্স/একেএ
