লা লিগার প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জয়ের নায়ক ইংলিশ তারকা জুড বেলিংহাম, যিনি একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন।
ম্যাচের ২২ মিনিটে বেলিংহামের তৈরি করা বল থেকেই গোল করেন কিলিয়ান এমবাপ্পে, রিয়ালকে এগিয়ে দেন ১–০ ব্যবধানে। এরপর ৩৮ মিনিটে বার্সেলোনার ফেরমিন লোপেজ গোল করে সমতা ফেরান। তবে ৪৩ মিনিটে এদের মিলিতাওয়ের পাস থেকে দারুণ ফিনিশে গোল করে দলকে আবারও এগিয়ে দেন বেলিংহাম।
দ্বিতীয়ার্ধে এমবাপ্পে পেনাল্টি মিস করলেও রিয়ালের রক্ষণভাগ আর কোনো সুযোগ দেয়নি প্রতিপক্ষকে। ফলে ২–১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
এই জয়ে ১০ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ২৭, লা লিগা তালিকার শীর্ষে আরও মজবুতভাবে অবস্থান করছে তারা। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ২২, তারা রয়েছে দ্বিতীয় স্থানে।
ন্যাশনিক্স/এজে
