অর্থনীতিতে স্থবিরতা, বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা

অবশ্যই পরুন

দেশের অর্থনীতিতে গতি কমে যাওয়ায় দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। উচ্চতর শিক্ষিত তরুণরাও এখন কাঙ্ক্ষিত চাকরির সুযোগ পাচ্ছেন না। বিশেষ করে তৈরি পোশাক ও প্রবাসী আয় এই দুই খাত দেশের কর্মসংস্থানের প্রধান ভরসা হলেও বর্তমানে উভয় ক্ষেত্রেই দেখা দিয়েছে স্থবিরতা।

উৎপাদন ও রপ্তানিতে ধীরগতি তৈরি হওয়ায় অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, ফলে হাজারো শ্রমিক বেকার হয়েছেন। নতুন কিছু কারখানা চালু হলেও, সেগুলোতে কর্মসংস্থানের পরিধি আগের তুলনায় অনেক কম।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম জানান, এক বছরে প্রায় ১০০টি কারখানা বন্ধ হলেও নতুনভাবে চালু হয়েছে মাত্র ৩০টি। তাই বন্ধ কারখানার বিপুল সংখ্যক শ্রমিকের পুনরায় কাজ পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে না।

অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের মতে, বাংলাদেশের প্রবৃদ্ধি এখন মূলত দুই খাতের ওপর নির্ভরশীল, তৈরি পোশাক শিল্প ও রেমিট্যান্স। উভয় ক্ষেত্রেই সস্তা শ্রম বড় ভূমিকা রাখে। তিনি মনে করেন, এখন সময় এসেছে নতুন প্রবৃদ্ধির উৎস চিহ্নিত করার এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বাস্তব সাফল্য অর্জনের।

তার ভাষায়, “দক্ষতা বৃদ্ধির নানা উদ্যোগ নেওয়া হলেও, কর্মসংস্থানের হার তেমন বাড়ছে না। বস্ত্র ও জনশক্তি, এই দুই খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের জন্য সংকট তৈরি করছে।”

বিশ্লেষকদের মতে, অর্থনীতিতে সামগ্রিকভাবে অনিশ্চয়তা বেড়েছে। বিনিয়োগ কমে গেছে, নতুন শিল্পায়নের গতি থমকে আছে। এই পরিস্থিতিতে উৎপাদন ও কর্মসংস্থানে গতি ফিরিয়ে আনা না গেলে বেকারত্ব এবং সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ