ময়মনসিংহে ব্যাটারি চালিত অটোরিকশা চালককে জবাই করে তার গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মাসুদ রানা (৫০), তিনি ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকজান এলাকার মাদানী মসজিদের পাশে খোরশেদ মন্ডলের ছেলে।
বুধবার (২২ অক্টোবর) রাতে নগরীর বাইপাস এলাকার নটরডেম কলেজ সংলগ্ন স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানান, নিহত মাসুদ রানা ফুলবাড়ীয়ার ভালুকজান এলাকার বাসিন্দা এবং শহরে থেকে ব্যাটারি চালিত অটোচালক হিসেবে কাজ করতেন। তার গাড়িটি ছিনতাই করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল কোতোয়ালি থানার অধীন হওয়ায় সেখানেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।
ন্যাশনিক্স/একেএ
