জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি দাবি করেন, জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
জিএম কাদের বলেন, “জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে অন্য দলগুলো লাভবান হবে, তাই নানা কৌশলে আমাদের বিপক্ষে পরিকল্পনা চলছে। তবে জাতীয় পার্টি জনগণের দল, আমাদের বাদ দিয়ে কোনো নির্বাচন সফল হবে না।”
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছে। তাঁর ভাষায়, “দেশের ইতিহাসে এমন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি।”
সভায় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় ঐক্যমতের অভাবে দেশে বিভাজন তৈরি হচ্ছে। বর্তমান সরকার নির্বাচন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাদের অধীনে কোনো নিরপেক্ষ ভোট সম্ভব নয়।”
তিনি আরও জানান, “সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার। জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।”
