নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক নারীর বাড়িতে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও টাকা স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের একদল নেতা-কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী ফুল কুমারী গোমেজ বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ফুল কুমারী গোমেজ (৪৬) দিঘইর গ্রামের মৃত করনেলিউস গোমেজের স্ত্রী। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, মঙ্গলবার রাতে জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিসান হাসান, সভাপতি নয়ন হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কর্মী হৃদয় হাসানসহ আরও ১০–১২ জন যুবক তাঁর বাড়িতে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। তারা ভুক্তভোগীকে ভয়ভীতি ও অশালীন ভাষায় গালিগালাজ করে, এমনকি আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়।
ফুল কুমারীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ঘরে প্রবেশ করে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে ৫ হাজার টাকা ও তাঁর গলা থেকে একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। এ সময় তিনি বারবার অনুরোধ করলেও তারা কোনো কথাই শোনেনি। তিনি বলেন, “আমি একা মানুষ, স্বামী মারা গেছেন অনেক দিন হলো। তারা আমাকে অপবাদ দিয়ে মিথ্যা কথা রটিয়ে টাকা আর গয়নাগাটি নিয়ে গেছে। আমি এর বিচার চাই।”
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, “ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি এবং প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, ছাত্রদলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এলাকায় আতঙ্ক তৈরি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাঁরা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
