শফিকুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ায় তোলপাড়, ভিসা দেওয়া নিয়ে প্রশ্ন তুলল দ্য অস্ট্রেলিয়ান!

অবশ্যই পরুন

নারীদের কর্মজীবনে অংশগ্রহণ নিয়ে বিতর্কিত মন্তব্য এবং ৭ অক্টোবরের হামলার সঙ্গে সংশ্লিষ্ট হামাস নেতাদের প্রশংসা করার অভিযোগে সমালোচনার মুখে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান ২৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, প্রায় পাঁচ দিনের সফরে শুক্রবার সিডনিতে পৌঁছান শফিকুর রহমান। তাঁর অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন মহলে সমালোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শফিকুর রহমানের অতীতের কিছু বক্তব্য এবং হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়ার প্রতি তাঁর প্রশংসাসূচক মন্তব্য নিয়ে আপত্তি তুলেছেন দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। তাঁদের দাবি, এসব বক্তব্য অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগের কারণ হতে পারে।

এ ছাড়া নারীদের ঘরের বাইরে চাকরি বা কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিয়ে তাঁর একটি বিতর্কিত মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। ওই মন্তব্যে কর্মজীবী নারীদের পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করার অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে শফিকুর রহমান দাবি করেছিলেন, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তবে নারীদের অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন তাঁর এই ব্যাখ্যা নিয়ে আপত্তি জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক ভিসা প্রদানের আগে আবেদনকারীদের অতীত কর্মকাণ্ড ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো আরও কঠোরভাবে যাচাই করার কথা বলার কয়েক সপ্তাহের মধ্যেই কীভাবে শফিকুর রহমান দেশটিতে প্রবেশের অনুমতি পেলেন।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক ব্যক্তিগত গোপনীয়তার কথা উল্লেখ করে নির্দিষ্টভাবে শফিকুর রহমানের ভিসা যাচাই নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে দেশটির স্বরাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, ভিসা আবেদনকারীদের স্বাস্থ্য, চরিত্র ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো যাচাই করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিডনিতে পৌঁছানোর পর প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ তাঁকে স্বাগত জানায়। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে তাঁর অতীত বক্তব্য, হামাস নেতাদের প্রতি অবস্থান এবং ভিসা অনুমোদনের প্রক্রিয়া নিয়ে দেশটির বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ