যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব কমন্সে ব্রিটিশ সংসদ সদস্য মেরি ক্রেগের (Mary Creagh MP) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ডা. মুহাম্মদ হাবিব মিল্লাত।
আজ (১৭ নভেম্বর) লন্ডনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন এবং রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
বৈঠকে বিশেষভাবে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজনৈতিক বন্দির মুক্তি নিশ্চিত করা।
এ ছাড়া দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
সাবেক সংসদ সদস্য ডা. মুহাম্মদ হাবিব মিল্লাত তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বৈঠকের ছবি প্রকাশ করে এসব তথ্য জানান। তাঁর পোস্টে উল্লেখ করা হয়, আলোচনায় উত্থাপিত বিষয়গুলো ব্রিটিশ সংসদ সদস্য মেরি ক্রেগ গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের আলোচনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
